
নিউজ ডেস্কঃ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন। তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় পৌঁছাতে হলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে।সেজন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের জনগণকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।মন্ত্রী আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা অর্থ হলো প্রতিটি নাগরিক তার নিজ নিজ ধর্ম অবলম্বন, পালন এবং প্রচারের অধিকার ভোগ করবে। প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ এবং ব্যবস্থাপনার অধিকার থাকবে।মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকা- সম্প্রসারণ করা হয়েছে।এক্ষেত্রে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ প্রকল্প, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, ও প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প চালু করা হয়েছে।