
নিউজ ডেস্কঃ রাজধানীর ডেমরা ও চকবাজারে পৃথক দুইটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার দুপুরে তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুরা হলো- ইব্রাহীম ও রুপা।নিহত ইব্রাহীমের বাবা ওমর ফারুক জানান, তারা ডেমরা ডগাইর বাজার এলাকার বাসিন্দা। দুপুরে বাসার সামনে ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় ইব্রাহীম গুরুতর আহত হয়।পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, নিহত রুপার মামা হান্নান মিয়া জানান, চকবাজার সোয়োরীঘাটের কাটারিঘাট এলাকায় রুপা তার পরিবারের সঙ্গে থাকতো।দুপুরে বাসার সামনে খেলা করার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয় রুপা। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য দুই শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে।