
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্ব সম্পর্কে জানতে হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে। আর এই প্রযুক্তির চাহিদা মেটানোর জন্য সরকার বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাস চালু করেছে। প্রাথমিকের শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেজন্য মিড-ডে মিল চালু করা হয়েছে বলেও জানান তিনি। আজ সোমবার দুপুর ১২টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি এসময় শিশুদের উদ্দেশে বলেন, সচেতনতা মানে কোনো কিছু সম্পর্কে জানা। আমি যা কিছু দেখেছি, শুনেছি, বলেছি তার সঠিক প্রয়োগ করতে হবে। সমাজে ভালো খারাপ দু’টি দিক রয়েছে। কেউ যদি অচেতন থেকে কিছু করতে যায়, তা সঠিক হবে না। আগে নিজেদের সুস্থ রাখতে হবে। আমাদের শরীর ভালো রাখলেই চলবে না, মনও ভালো রাখতে হবে। ভেজাল খাদ্যগ্রহণ করবো না। পুষ্টিকর খাবার খাবো। পরিবেশ সুন্দর রাখবো। অন্যায়ের কাছে মাথা নত করবো না। বই পড়বো। তাহলেই জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।