
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ ও আনুষ্ঠানিক উদ্বোধনের হবার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল বাংলাদেশের প্রথম কৃত্রিম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর উৎক্ষেপণের দিনক্ষণ। আগামী ৪ মে আমেরিকান সংস্থা স্পেসএক্স-এর মাধ্যমে ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে,আগামী ৪ মে বঙ্গবন্ধু উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে স্পেসএক্স নিশ্চিত করেছেন। স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট ৩ দশমিক ৫ মেট্রিক টন বিশিষ্ট বঙ্গবন্ধু-১ উপগ্রহ নিয়ে কেপ ক্যানাভেরাল পেড থেকে উৎক্ষেপণ হবে এবং নির্দিষ্ট মহাকাশস্থলে পৌঁছতে আট দিন সময় নেবে।
এই উপগ্রহ উৎক্ষেপণে দায়িত্বপ্রাপ্ত আমেরিকান বেসরকারি মহাকাশ উৎক্ষেপণ ও প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স গত ৩০ মার্চ এটি গ্রহণ করে এবং এর উৎক্ষেপণে যাবতীয় কাজ সম্পন্ন করেছে উল্লেখ করে প্রকল্প পরিচালক বলেন,এখন তারা (স্পেসএক্স) শেষ মুহূর্তের প্রয়োজনীয় কাজগুলো করছে। সরকারি সূত্র জানায়,স্পেসএক্স ইতোপূর্বে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ফ্যালকন-৯ ব্যবহার করে এই উপগ্রহটি উৎক্ষেপণের পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু ওই সময় প্রচণ্ড ঝড়ে (হারিকেন ইরমা) ক্ষতিগ্রস্ত হতে পারে বিধায় তখন উৎক্ষেপণ করা হয়নি।
তারা জানান,সরকার ২০১৫ সালের মে মাসে বঙ্গবন্ধু-১ উপগ্রহ প্রকল্পটি গ্রহণ করে এবং একই বছর নভেম্বর মাসে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান থালেস অ্যালেনিয়া স্পেস-এর সঙ্গে ২৪৮ মিলিয়ন ডলারে কাজটি সম্পন্ন করার জন্য চুক্তি স্বাক্ষর করে। থালেস অ্যালেনিয়া গত কয়েক মাস আগে বঙ্গবন্ধু-১ উপগ্রহ তৈরির কাজ সম্পন্ন করে এবং ফ্রান্সের ক্যানেসে একটি ওয়্যারহাউসে তা সংরক্ষণ করে। পরে গত ২৯ মার্চ উপগ্রহটি ফ্লোরিডায় স্থানান্তর করা হয়। উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য ইতোমধ্যে গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দু’টি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয়েছে। আগামী মাসের শেষ সপ্তাহে উৎক্ষেপণ করা হতে পারে বলে জানা গেছে। ওই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে সারা দেশে উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।