News71.com
 Bangladesh
 12 Apr 18, 06:17 AM
 158           
 0
 12 Apr 18, 06:17 AM

গুগল-ইউটিউব-ফেসবুকের রাজস্ব ফাঁকি তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

গুগল-ইউটিউব-ফেসবুকের রাজস্ব ফাঁকি তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।   

নিউজ ডেস্কঃ সার্চ ইঞ্জিন গুগল, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকির তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানির পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

গুগল-ইউটিউব-ফেসবুকের রাজস্ব ফাঁকির বিষয় তদন্তের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনে অর্থ মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান, আইন মন্ত্রণালয় সচিব, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিব, বিটিআরসি-এর চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দেশনাটি বাস্তবায়িত হয়েছে কিনা, সে বিষয়ে আগামী ২৫ জুনের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী আদেশের জন্য মামলাটি ২৮ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ইন্টারনেট মাধ্যমগুলোর মাধ্যমে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি ও বিভিন্ন ধরনের লাইসেন্স বিক্রির ফিসহ যেকোনও লেনদেনের বিপরীতে যে পরিমাণ টাকা পরিশোধ করা হয়, তা থেকে আদায়যোগ্য রাজস্ব সংগ্রহ করতে বলা হয়েছে। একইসঙ্গে ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোর কাছ থেকে প্রয়োজনীয় রাজস্ব আদায়ের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন