
নিউজ ডেস্কঃ দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলগামী যানবাহনের দীর্ঘ লাইন জমে গেছে বলে জানিয়েছেন পাটুরিয়া ফেরিঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে পাটুরিয়া ফেরিঘাট কতৃপক্ষ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীবাহী বাস ও ট্রাক মিলে প্রায় দুই শতাধিক যানবাহন জমে যায়। এছাড়া মধ্যরাত থেকে আবার দুরপাল্লার যানবাহনের চাপ বাড়তে থাকে। ওই চাপ সামাল দেওয়ার আগেই দক্ষিণ ও পশ্চিমাঞ্চলগামী ব্যক্তিগত ছোট গাড়ির চাপ বাড়তে শুরু করায় যানবাহনের দীর্ঘ লাইন জমে যায়। যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ থাকার কারণে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। শুধু জরুরি পণ্যবাহী ট্রাকগুলো পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাটের ট্রাক টার্মিনাল ও মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ট্রাকগুলো অপেক্ষামান রয়েছে। পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। এদিকে, সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত অপেক্ষামান যানবাহনের লাইন দেখা গেছে।