
নিউজ ডেস্কঃ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড-১’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের সংক্ষিপ্ত সফর শেষে সেখান থেকে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে লন্ডন যাবেন।আগামী ১৫ এপ্রিল রবিবার বিকেল ৪টায় সৌদি আরবের উদ্দেশে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়বেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।গত ১৮ মার্চ শুরু হওয়া গালফ শিল্ড-১ যৌথ সামরিক মহড়া শেষ হবে আগামী ১৬ এপ্রিল। সৌদি আরবের দাম্মামে এর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। বাংলাদেশসহ বিশ্বের ২৩টি দেশ মাসব্যাপী এ মহড়ায় অংশ নিয়েছে। এর আগে গত ০৫ এপ্রিল গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
সৌদি আরবে অনুষ্ঠিত এই মহড়ার সমাপনীতে যোগদান শেষে দাম্মাম থেকে বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ১৯ ও ২০ এপ্রিল কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সভা ও অন্যান্য সাইড লাইন সভা অনুষ্ঠিত হবে। কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সমন্বয়কসহ (এসডিজি বিষয়ক) ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হল ‘টুওয়ার্ডস এ কমন ফিউচার। এর আলোকে গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার, আইনের শাসন, শিক্ষা প্রসার, স্বাস্থ্য সেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনসহ জাতিসংঘের এজেন্ডা ২০৩০-এর সাথে সামঞ্জস্যপূর্ণ ও একইসাথে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় প্রাধান্য পাবে। কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রীকে উইমেন্স ফোরামের একটি পর্বে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানান। শীর্ষ সম্মেলনে তিনি রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা অন্য সদস্য দেশের রাষ্ট্র প্রধানদের কাছে তুলে ধরবেন। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ থিংক ট্যাংক ওভারসীজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত উচ্চ পর্যায়ের একটি পর্বে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। লন্ডনে অবস্থানকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্মেলনে যোগদানকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করবেন বলে জানাগেছে।