
নিউজ ডেস্কঃ কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ (সিসিবি) এর সভাপতির দায়িত্ব পেয়েছেন কে এম মুজিবুল হক। কার্যনির্বাহী কমিটির এজিএম গত ৯ এপ্রিল গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সেখানে ২০১৮-১৯ সালের জন্য ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেয়া হয়। কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ (সিসিবি) এর সভাপতির দায়িত্ব পাওয়া কে এম মুজিবুল হক ইয়েমেনের অনারারি কনসুল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। মূলত মুজিবুল হক একজন উদ্যোক্তা এবং শাহ গ্রুপ এবং টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান। তিনি ১৯৮৯ থেকে ২০০০ পর্যন্ত শিল্প মন্ত্রণালয় থেকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসাবে স্বীকৃতি পেয়েছেন। তিনি ১৯৮৬ সালে জাতিসংঘ শান্তি কর্মসূচির (এফইআর) আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ জুনিয়র চেম্বারের (বিজেসি) জাতীয় সভাপতি নির্বাচিত হন।
১৯৯৩ সালে তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য। মুজিবুল হক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহি কাজী পরিবারের মৃত কাজী নোমান আহমেদের নয় সন্তানের মধ্যে দ্বিতীয়। তাঁর বড় ভাই কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাবেক পাঁচবারের সংসদ সদস্য।