
নিউজ ডেস্কঃ ৫০০ শয্যায় সজ্জিত উন্নতমানের বিশ্বের বৃহত্তম বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটি চালু করতে যাচ্ছে সরকার। এ বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানটি উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শুক্রবার রাজধানীর চানখারপুলে অবস্থিত নির্মাণাধীন ইনস্টিটিউটটির বর্তমান কার্যক্রম পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাঙালি জাতি যে কোনো প্রকার অসম্ভবকে সম্ভব করতে পারে। তার প্রমাণ আমরা প্রতিনিয়ত দেখছি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া, বিশ্বের বুকে রেকর্ড করার কার্যক্রমসহ বিশ্বের মধ্যে বৃহত্তম চিকিৎসার জনিত সেবা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সবই তার উদাহরণ। এই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জন্য নার্স প্রশিক্ষণ কার্যক্রম চলছে জানিয়ে নাছিম বলেন, ইনস্টিটিউটটির ১৪ তলার কাজ সম্পন্ন হতে যাচ্ছে। এরপর আর একতলার কাজ সম্পন্ন হলেই অবকাঠামো ভিত্তিক কার্যক্রম শেষ হবে। এরপর হাসপাতালের যন্ত্রপাতিসহ অন্যান্য জিনিসপত্র ক্রয়ের কার্যক্রমও চলমান রয়েছে। ডাক্তাররাও প্রস্তুত রয়েছে। যেহেতু এটি একটি ইনস্টিটিউট সেহেতু এখানে ডাক্তার ও নার্সদের দরকার হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ২০১৫ সালের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এরপর ২০১৬ সালের ৬ এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। সেনাবাহিনী দ্রুততা ও দক্ষতার সঙ্গে এই নির্মাণ কাজটি সম্পন্ন করছে। এখানে কর্মরত সবাই শুধু মৌখিকভাবে নয় কাগজে-কলমে ও বাস্তবে সেপ্টেম্বরের আগে কাজ শেষ করার নিশ্চিত করেছেন। চানখারপুলের এই জায়গাটিতে অবৈধ স্থাপনা দিয়ে পরিপূর্ণ ছিলো। জায়গাগুলোকে উদ্ধার করে এই বৃহৎ কাজে জাতির কল্যানার্থে ব্যবহার করা হয়েছে।