News71.com
 Bangladesh
 15 Apr 18, 10:26 AM
 146           
 0
 15 Apr 18, 10:26 AM

বোরো সংগ্রহে দুর্নীতি, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা।।খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

বোরো সংগ্রহে দুর্নীতি, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা।।খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম চলমান বোরো সংগ্রহে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন,খাদ্য বান্ধব কর্মসূচি এবং আমন সংগ্রহ অভিযান সফলভাবে শেষ হয়েছে। সংগৃহীত চালের মানও খুব ভালো। এজন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তবে চলমান বোরো সংগ্রহে কোন কর্মকর্তা-কর্মচারি দুর্নীতি, অনিয়ম করলে প্রশাসনিক ব্যবস্থাসহ কঠিন শাস্তি প্রদান করা হবে। আজ রবিবার সকালে রাজধানীর আবদুল গণি রোডস্থ খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকগণসহ মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী জানান,সরকারি গুদামগুলোতে বর্তমানে ১২ লাখ মেট্রিক টনেরও বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে। যা বিগত ২০ বছরের মধ্যে সর্বাধিক বলে উল্লেখ করেন তিনি।

কামরুল ইসলাম বলেন,সরকার এবার ১ লাখ মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে। প্রতি কেজি ধান ২৬ টাকা দরে এবং চাল কেজি প্রতি ৩৮ টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি বলেন,আমরা আশা করছি এবার প্রকৃতি বিরূপ হবে না। কালো তালিকাভুক্ত চালকলগুলোর বিষয়ে মন্ত্রী বলেন,গত আমন মৌসুমে কালো তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়নি। তবে এবার কাউকে হতাশ করার ইচ্ছে সরকারের নেই। তাদের কাছ থেকে এবার বোরো চাল সংগ্রহ করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরিফুর রহমান অপুসহ খাদ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন