News71.com
 Bangladesh
 17 Apr 18, 12:03 PM
 170           
 0
 17 Apr 18, 12:03 PM

আগামী ২৩ এপ্রিল থেকে বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে বাস চলাচল শুরু।।

আগামী ২৩ এপ্রিল থেকে বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে বাস চলাচল শুরু।।

নিউজ ডেস্কঃ মোটর ভেহিকল এগ্রিমেন্ট (এমভিএ) চুক্তির আওতায় ভারত-বাংলাদেশ-নেপালের মধ্যে পরীক্ষামূলকভাবে দুইটি বাস চালু হবে আগামী ২৩ এপ্রিল। ঢাকা থেকে বাস দুই’টি ছাড়বে। পরদিন ২৪ তারিখ সীমান্ত পেরিয়ে সেই বাস এসে পৌঁছবে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। বাস দুইটিকে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যটির পর্যটন মন্ত্রী ও শিলিগুড়ির প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব জানান,তিন দেশের মধ্যে এই বাস চলাচলের মাধ্যমে ভারতের সাথে বাকি দেশগুলির সম্পর্ক আরও মজবুত হবে। জানা গেছে,আগামী ২৩ এপ্রিল ঢাকা থেকে বাস ছাড়ার পরই রাতে বাংলাদেশের রংপুরে তা অবস্থান করবে। আগামী ২৪ তারিখ সকালে ফের যাত্রা শুরু করে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ওই দিন সন্ধ্যায় দার্জিলিং জেলার শিলিগুড়িতে পৌঁছাবে। পরদিন ২৫ এপ্রিল সকাল ৮টা নাগাদ শিলিগুড়ি থেকে বাস দুইটি যাত্রা শুরু করে ভারত (পানিট্যাঙ্কি)-নেপাল (কাঁকরভিটা) সীমান্ত পেরবো এবং নেপালের ডামাক হয়ে ২৬ এপ্রিল বাস দুইটি পৌঁছবে কাঠমান্ডুতে।

বাস দুইটিতে ২৩ বাংলাদেশি,১১ জন নেপালী ও ৮ জন ভারতীয় যাত্রী থাকবে,এই যাত্রীদের মধ্যে তিন দেশেরই সংশ্লিষ্ট কর্মকর্তারাও থাকবেন। যাত্রী হিসাবে থাকবেন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-এর কয়েকজন সদস্যও। কাঠমান্ডুতে পৌঁছানোর পরই সরকারি কর্মকর্তারা সড়কসহ যাত্রীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়েও আলোচনা করবেন। সূত্রে খবর ট্রায়াল রানের পরই বাংলাদেশ-ইন্ডিয়া-নেপাল তিন দেশ নিজেদের মধ্যে নিয়মিত বাস চলাচলের ব্যাপারে কাঠমান্ডুতে প্যাসেঞ্জার প্রোটোকল সম্পর্কিত একটি চুক্তি হতে পারে।

বর্তমানে ঢাকার লালমনিরহাট-বুড়িমারি-চ্যাংরাবান্ধা-শিলিগুড়ি হয়ে কাঠমান্ডুতে যেতে হয়। কিন্তু নতুন এই যাত্রাপথ হবে রংপুর-বাংলাবান্ধা-ফুলবাড়ি-শিলিগুড়ি-পানিট্যাঙ্কি-কাঁকরভিটা-কাঠমান্ডু। এতে প্রায় ১০০ কিলোমিটার যাত্রাপথ কমে যাবে। নিয়মিতভাবে বাস চলাচল শুরু হয়ে গেলে গোটা পথ অতিক্রম করতে আনুমানিক ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। বণিকসভা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাট্রিজ (সিআইআই)’এর বেঙ্গল চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কমল কুমার মিত্তাল জানান,নতুন এই যাত্রাপথের শুরু হলে দার্জিলিং’এর পর্যটন শিল্প আরও চাঙ্গা হবে। কারণ বাংলাদেশের মানুষের কাছে দার্জিলিং বরাবরই আকর্ষণের জায়গা। তাছাড়া এই বাস চলাচলের সঙ্গে এই দেশগুলির অর্থনৈতিক সম্পর্কও জড়িয়ে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন