
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পাকিস্তানি এজেন্টরা এখনো তৎপর। তাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে বিশ্বের উন্নত দেশে যেভাবে নির্বাচন হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন সেভাবেই হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। মন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম। মন্ত্রী নাসিম তার বক্তব্যে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, খেলা হবে রাজনিতীর মাঠে। আর রেফারির ভুমিকা পালন করবে নির্বাচন কমিশন। বিশেষ অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াতকে রুখে দিয়ে বাংলাদেশকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করাই হোক আজকের মুজিবনগর দিবসের শপথ।
সভায় আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের এমপি মকবুল হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার বানু, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিয়াজান আলী, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম মিয়া প্রমুখ।
সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু হয়। পৌনে ১১টার দিকে আওয়ামী লীগ নেতারা মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও আনছার সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।উল্লেখ্য ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই ঐতিহাসিক মুজিবনগরের আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। সরকার গঠন ও শপথের মধ্য দিয়ে বাংলার মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে এক নতুন মোড় পায়। এই সরকারের নেতৃত্বে ও অনুপ্রেরনায় দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙ্গালীদের বিজয় অর্জিত হয়। আর তার পর স্বাধীনতার পর থেকেই ১৭ এপ্রিল মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবস পালিত হয়ে আসছে।