
নিউজ ডেস্কঃ চট্রগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। চট্রগ্রাম অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। এর পর গতকাল মঙ্গলবার রাতে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিকাল পৌনে ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমাম বাড়িতে চট্রগ্রাম অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান,দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রেললাইন এবং সিগন্যাল পয়েন্ট মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের রিলিফ ট্রেন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,রেলপথ মেরামত শেষে রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনের আটকেপড়া ঢাকাগামী মহানগর গোধুলী কসবা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে ইমামবাড়ি রেলন্টেশন মাস্টার নুরুল হক জানান ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামসহ পূর্বাঞ্চল রেলপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কাজ তদারকি করেন।