
নিউজ ডেস্ক : কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মে মাসের সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী ভারতের পশ্চিমবঙ্গের বোলপুরে অবস্থিত শান্তিনিকেতন সফর করতে পারেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন করতে তাঁর ভারত সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে ১৭ সদস্যের একটি দল শান্তিনিকেতনে অবস্থান করছে। গতকাল (১৭ এপ্রিল) সেই প্রতিনিধি দল সেখানে পৌঁছান। আজ বিশ্বভারতীর উপাচার্য সবুজ কলি সেনের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বশীল একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং কলকাতার উপদূতাবাসের কর্মকর্তাদের মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে।
দায়িত্বশীল সূত্র থেকে বলা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সময় মিলিয়ে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন। আর সেখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যৌথভাবে বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের দ্বার উন্মোচন করা হবে।ইতোমধ্যে বাংলাদেশ ভবনের নির্মাণকাজের ৯০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। গত ২ মাস আগে কাজের অগ্রগতি সম্পর্কে সর্বশেষ অবস্থা সরেজমিন দেখতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড: মসিউর রহমানের নেতৃত্বে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শান্তিনিকেতনে যান। এবং কাজ সম্পর্কে খোঁজখবর নেন। এসময় শান্তিনিকেতন কতৃপক্ষের সাথে বৈঠকও করেন। ইতিমধ্যেই সেখানে নির্মানাধীন ভবনের মূল নির্মানকাজ শেষ হয়েছে । এখন এর সাজসজ্জার কাজ করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, “বাংলাদেশ ভবনের সমস্ত দায়িত্ব বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে ন্যস্ত থাকবে। সেখানে এখন শেষ মুহূর্তের কাজ চলছে। বাংলাদেশের একটি লাইব্রেরি স্থাপনের কাজ প্রায় সম্পন্ন। একটি মুর্যাল তৈরির কাজ চলছে।” তবে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ভাস্কর্য স্থাপন করা হবে না বলেও তিনি জানান। কারণ কবিগুরুর কোন ভাস্কর্য স্থাপনের রীতি বিশ্বভারতীর নেই। যদিও বাংলাদেশ কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতির পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য স্থাপনের অনুরোধ করেছিল।