
নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা (ডিবি) কর্মকর্তা হিসেবে ডিআইজি পদক পেয়েছেন ঢাকা জেলা ডিবির (উত্তর) উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। গতকাল সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে পদক প্রদান করা হয়। অপরাধীদের গ্রেপ্তার,অবৈধ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অবৈধ দ্রব্য উদ্ধার, জটিল মামলা উদঘাটন ও নিষ্পত্তিতে সফলতা ও দক্ষতার জন্য তাকে এ পদকে ভূষিত করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পিপিএম আনুষ্ঠানিকভাবে তার হাতে পদক ও সম্মাননা সনদপত্র তুলে দেন। পদক প্রদান অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) আবু কালাম সিদ্দিক,অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. আনোয়ার হোসেন, বিপিএম পিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মো. আসাদুজ্জামান পিপিএম (বার), ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ অন্যান্য পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।