নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারি অর্থের সকল তত্ত্বাবধায়কের প্রতি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সংস্থার ২০১৪-১৫ অর্থবছরের বিশেষ অডিট রিপোর্ট পেশকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অডিট অত্যন্ত গুরুত্ব বিষয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান,রাষ্ট্রপতি আবদুল হামিদ সিএজি ও সংশ্লিষ্ট অন্যদের প্রতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিধিবিধান মেনে সরকারি অর্থ ব্যয়ের নির্দেশনা দেন। সিএজি ২০১৪-১৫ অর্থবছরের ২৪টি অডিট ও হিসাব রিপোর্ট সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বলেন,পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এ সময় অডিট আপত্তি ও আর্থিক ক্ষতির পরিমাণ অনেক হ্রাস পেয়েছে। কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস আবুল ফয়েজ মো. আবিদ,ডিসিএজি (ওএন্ডআর) জাকির হোসেন এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।