
নিউজ ডেস্কঃ কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের ৫ জন সদস্য সাক্ষাত্ করেছেন। পুরান ঢাকার পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী তারা এ সাক্ষাত্ করেন। প্রায় দুই সপ্তাহ পর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান তার বড় বোন সেলিনা ইসলাম, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি বেবি ইসলাম, ভাগ্নে ডা. মো. মামুন ও বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান খান। তারা এমন এক সময়ে সাক্ষাতের সুযোগ পেয়েছেন যখন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ও চিকিত্সা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। তবে সাক্ষাতের পর গণমাধ্যমের কাছে তারা কেউ মুখ খুলেননি। উল্লেখ্য,এর আগে পরিবারের সদস্যরা সর্বশেষ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছিলেন ১৪ এপ্রিল। এদিকে গতকাল দুপুরে নয়া পল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,বিগত ১০ থেকে ১২ দিন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর পাচ্ছে না বিএনপি। তিনি বলেন,আমরা কেউই তার স্বাস্থ্যের কোনো খবর পাচ্ছি না। দেখা করতেও দিচ্ছে না। এ নিয়ে আমাদের দলের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। কিন্তু সরকার বেগম জিয়াকে নিয়ে টালবাহানা করছে।