News71.com
 Bangladesh
 26 Apr 18, 10:18 AM
 167           
 0
 26 Apr 18, 10:18 AM

কম্বোডিয়ার সঙ্গে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে।।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

কম্বোডিয়ার সঙ্গে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে।।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-কম্বোডিয়া বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলে বাণিজ্য বৃদ্ধি পাবে। এতে করে উভয় দেশ উপকৃত হবে। কম্বোডিয়ায় সফররত বাণিজ্যমন্ত্রী আজ বুধবার (২৫ এপ্রিল) স্থানীয় নমপেন হোটেলে কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী প্যান সোরাসাকের সঙ্গে পূর্ব নির্ধারিত দ্বি-পাক্ষিক বৈঠকে এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্বোডিয়া সফরের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ-কম্বোডিয়ার মধ্যে একটি চুক্তি এবং ৯টি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উল্লিখিত চুক্তি এবং সমঝোতাগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে উভয় দেশ উপকৃত হতে পারে এবং সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রীকে আগামী জুনের শেষে বা জুলাইয়ের প্রথমে ঢাকায় অনুষ্ঠেয় বাইলেটারেল ট্রেড এগ্রিমেন্ট (বিটিএ) স্বাক্ষরের জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের ব্যবসায়ীদের কম্বোডিয়ায় বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, কম্বোডিয়ায় উৎপাদিত কাসাডো থেকে উন্নত মানের ওষুধ (ক্যাপসুল) তৈরি করা সম্ভব। ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবে এগুলো ব্যবহার করে অতি অল্প খরচে উন্নমানের ওষুধ উৎপাদন করা সম্ভব। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের কম্বোডিয়ায় বিনিয়োগের আহ্বান জানান। উল্লেখ্য, বর্তমানে কম্বোডিয়ার সাথে বাংলাদেশের প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। গত অর্থ বছর বাংলাদেশ কম্বোডিয়ায় ৫.৩৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, একই সময়ে মাত্র দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। বাংলাদেশ প্রধানত ওষুধ, তৈরি পোশাক, প্লাস্টিক পন্য, চামড়াজাত পণ্য এবং তামাক রফতানি করে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন