
নিউজ ডেস্কঃ চীনের চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালু করতে আগ্রহী। আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাতের সময়ে এ আগ্রহের কথা জানান। এছাড়া, রাষ্ট্রদূত ঢাকা-কুনমিং, ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট বৃদ্ধির প্রস্তাব দেন। চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ যোগাযোগ আরও সুদৃঢ় ও ফলপ্রসূ করতে ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জানান, এ ব্যাপারে কাজ করতে সিভিল এভিয়েশনের একটি টিম চীনে অবস্থান করছে। তাদের পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।মন্ত্রী একেএম শাহজাহান কামাল আরও বলেন, কক্সবাজার, সিলেটসহ বাংলাদেশের টুরিস্ট স্পটগুলোতে চীনা বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ। রাষ্ট্রদূত বাংলাদেশের ক্রমবর্ধিষ্ণু পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং উভয় দেশের মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন।