
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও বাংলাদেশে মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক, যোগাযোগ, পরিকাঠামোগত উন্নয়ন, ব্যক্তিগত সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে উভয় দেশই গুরুত্ব দিচ্ছে। ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে একাধিক প্রকল্পের কাজ চলছে। আগামী বছর প্রকল্পগুলোর কাজ শেষ হয়ে যাবে। আজ বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের এসব কথা বলেন।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিপ্লব কুমার দেবের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ। তিনি জানান, বাংলাদেশের আখাউড়া থেকে ত্রিপুরার আগরতলার আইসিপি পর্যন্ত রাস্তা দুই লেনে উন্নীত, আগরতলা-আখাউড়ার মধ্যে রেলপথ স্থাপনের কাজ চলছে। কাজগুলো আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাবে।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে নদীপথে যোগাযোগ স্থাপনের কাজ চলছে। এই প্রকল্পের অধীনে ত্রিপুরা রাজ্যের গোমতী ও হাওড়া নদীকে অন্তর্ভুক্ত করার জন্য ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ভারত থেকে বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীতে ড্রেজিং করা হবে। ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও সহজ হবে।