
নিউজ ডেস্কঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালক শওকত ওসমানের দাবি,বাংলাদেশে গত কয়েক বছর খাদ্যে ভেজাল পাওয়া যায়নি। খাদ্যে ভেজাল থাকার কথা বলতে বলতে তা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। তার এই বক্তব্যের বিরোধিতা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) রোকন উদ দৌলা। শওকত ওসমানের বক্তব্য যুক্তি দিয়ে খণ্ডন করে তিনি বলেন,ভেজাল খাদ্য খেয়ে বছরে মানুষ ১০ হাজার কোটি টাকার ওষুধ কিনেছে। এভাবে পক্ষে-বিপক্ষে তর্কযুদ্ধের মধ্যে দিয়ে শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘বন্ডিং’র উদ্যোগে ‘নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। আজ শনিবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সেমিনারে তিনটি নিবন্ধ উপস্থাপন করা হয়।
নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য’ শীর্ষক নিবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে বিএসটিআই পরিচালক শওকত ওসমান বলেন,বাংলাদেশে ২০১৬ সালের পরে খাদ্যে তেমন ভেজাল আর পাওয়া যায়নি। একই নিবন্ধের ওপর আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. ইকবাল রউফ মামুন বলেন, দেশে ৭০ ভাগ মানুষ ডায়েরিয়ায় আক্রান্ত হয় খাদ্যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার জীবাণু থেকে। রাস্তায় তরমুজ, আনারসসহ অনেক খাদ্যপণ্য বিক্রি হয়। যেগুলো সকালে কেটে তারা বিকেল পর্যন্ত বিক্রি করে। এই যে সকালে কাটা ফ্রুটগুলো বিকেলে খাচ্ছে,সেখান থেকে কিন্তু নানা রোগব্যাধি হচ্ছে। তিনি আরও বলেন,রাস্তায় আখের রস গ্লাস আকারে বিক্রি করা হয়। আমরা কি ভেবে দেখেছি,রস ঠাণ্ডা হওয়ার জন্য যে বরফ ব্যবহার করা হয় সেগুলো কতটুকু নিরাপদ? এমনকি আইসক্রিম,চকলেট ও কেকে যে রংটা ব্যবহার করা হয় তাও স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে।
সেমিনারে এক প্রশ্নকর্তার প্রশ্ন ছিল,গ্রামে গাছ থেকে পাকা আম পাড়ার পর দুই দিনও ভালো থাকে না,পচে যায়। পুকুর থেকে মাছ তুলে মাটিতে রাখার পর কয়েক ঘণ্টা পর মাছি বসে। কিন্তু বাজারে আম,আপেল ও মাছ পচে না কেন? আপেলসহ অন্যান্য ফলমূল না পচার কারণ হিসেবে যুক্তি দেখিয়ে ড. ইকবাল রউফ বলেন,একটা ঘরে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে আপেল সংরক্ষণ করে রাখলে,কোনো রকমের রাসায়নিক উপাদান দেওয়া ছাড়া এক বছর এটি ভালো থাকবে। সুতরাং আপেল কেন পচে না এটি একটা বিরাট প্রশ্ন বাঙালির কাছে। শুধু আপেল নয়,সব রকমের প্রাকৃতিক ফলে কিছু নিজস্ব উপাদান থাকার কারণে বেশি দিন ভালো থাকে। ড. ইকবাল রউফ ও বিএসটিআই পরিচালক শওকত ওসমানের এসব যুক্তি খণ্ডন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) রোকন উদ দৌলা বলেন, লিচু, শুটকি ও দুধসহ প্রায় সব খাদ্যে রাসায়নিক উপাদান মেশানো হয়। ২৬টি দেশে গিয়ে দেখেছি ওইখানেও ফলের পচন আছে। কিন্তু আমাদের দেশে আপেল, আম, লিচু, শুটকি ও দুধসহ প্রায় কোনো খাদ্যই নষ্ট হয় না। এর কারণ বের করতে হবে। একটি গবেষণা রিপোর্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন,বাংলাদেশ প্রতিবছর ১০ হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে ভেজাল খাবার খাওয়ার কারণে। কারণ ভেজাল খাবার খাওয়ার কারণে নানা রোগ হচ্ছে। ফলে ওষুধ কিনতে হচ্ছে। এই ওষুধের পেছনে ১০ হাজার কোটি টাকা চলে যাচ্ছে।
এফএও- ইউএন বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল অ্যাডভাইজার অধ্যাপক ড. শাহ মনির হোসেন বলেন, গবেষণায় উঠে এসেছে এসব খাবার থেকে ২০০ ধরনের রোগ সৃষ্টি হচ্ছে মানুষের শরীরে। তাই আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য ও সুপেয় পানি সরবরাহ পিকেএসএফ বিষয়ে বক্তব্য দেন সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন। তিনি নগরের দায়িত্বপালন করার সময় বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন,খাদ্যে ভেজালতো আছেই,দায়িত্বপালন করা অবস্থায় ২৫টি পানির ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটির লাইসেন্স পেয়েছি। তারা যে পানি সরবরাহ করতো,তা অনিরাপদ ছিল। সেমিনারে এফএও বাংলাদেশের কর্মকর্তা ডেভিড ডব্লিউ দোলেন,বন্ডিংয়ের সভাপতি অধ্যাপক ড. মো. জহুরুল আলম চৌধুরী ও বন্ডিংয়ের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মনির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।