
নিউজ ডেস্কঃ মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ, পাহাড়িয়া ও ব্রহ্মপুত্র নদসহ নরসিংদীর ছয়টি নদী পুনঃখনন কাজ শুরু হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় নরসিংদীর সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শুটকীকান্দি এলাকায় মেঘনা নদীর পশ্চিম চ্যানেলে এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরু। নদীগুলো হলো- আড়িয়াল খাঁ, হাড়িদোয়া, ব্রহ্মপুত্র, পাহাড়িয়া, মেঘনা ও পুরাতন ব্রহ্মপুত্র। এই প্রকল্পের আওতায় নদী পুনঃখননের পাশাপাশি ঢেউয়ের আঘাত হতে নদীর তীর রক্ষার কাজ, নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ ও সেতু শক্তিশালীকরণের কাজও করা হবে বলে জানা গেছে। আরো জানা গেছে, এই প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার দুইপাশে মেঘনা ও শীতলক্ষ্যা নদীতে সারা বছর নাব্যতা বিরাজ করলেও অন্যান্য নদীগুলো অনেকটা ভরাট হয়ে যাওয়ায় নদীর নাব্যতা হ্রাস পেয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ভরাট হয়ে যাওয়া নদীগুলো খননের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন,পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণসহ পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বন্যায় নদীর পাড় ভাঙ্গনসহ তীর রক্ষা, নদী পথে সঠিক নাব্যতা ফিরিয়ে নৌ চলাচলের উন্নয়ন, পানির গুনগতমান উন্নয়ন, পানি সম্পদ ও জনস্বাস্থ্য রক্ষাসহ পরিবেশগত ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনের লক্ষ্যে এসব নদ-নদী পুনঃখনন ও তীর রক্ষার উদ্যোগ নেয় পানি সম্পদ মন্ত্রনালয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৯ আগষ্ট একনেকের সভায় সম্পূর্ণ জিওবি অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়নে ৫০০ কোটি ২৮ লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই প্রকল্পের অধীনে ২৩১.৮০ কিলোমিটার নদী পুনঃখনন, ২২.২০৪ কিলোমিটার ঢেউয়ের আঘাত হতে নদীর তীর রক্ষার কাজ, ১.১৫০ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ ও এসব নদীর ওপর নির্মিত ৮৫টি সেতু শক্তিশালীকরণের কাজ বাস্তবায়ন করা হবে। আর এসব কাজে নদী থেকে খননকৃত মাটি দুই পাড়ের বিদ্যামান সড়ক, খেলার মাঠ, জনসাধারণের ব্যবহারযোগ্য ভূমি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গীর্জার আঙ্গিনা ভরাটের কাজে ব্যবহার করা হবে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে সরকারের কাজ করার পথ আরও প্রশস্ত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন,পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. তৌহিদ হোসেন, প্রকল্প পরিচালক লে. কর্নেল কিসমৎ হায়াৎ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী (কে.অ.) এএইচএম ফখরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মতিন সরকার ও নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী প্রমুখ।