
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন, রাশিয়া, ভারত ও জাপানের জোরালো ভূমিকা রাখার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান শেখ হাসিনা। জাতিসংঘ নিরাপত্তা বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো আদোলফো মেজা কোয়াদরা ভেলাসকেজের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। উচ্চ পর্যায়ের এ প্রতিনিধিদলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা ছিলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে আমরা চীন, রাশিয়া, ভারত ও জাপানের জোরালো ভূমিকা প্রত্যাশা করছি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আরো জোরালো চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের চেষ্টার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কোনো সংঘাত চায় না বরং রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়। রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।