
নিউজ ডেস্কঃ সৌদি আরব,যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত আছেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শেখ হাসিনা বলেন,এই সফরকে আমার সরকারের কূটনৈতিক সাফল্য বলে মনে করি। তিনি বলেন,কমনওয়েলথ সম্মেলনে দু’টি গুরুত্বপূর্ণ রেজুলেশন হয়েছে,সেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং প্রত্যাবর্তনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। সফরে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসাও বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে পেয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া অস্ট্রেলিয়ায় গ্লোবাল সামিট অন উইমেনে প্রাপ্ত উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড দেশের জনগণের প্রতি উৎসর্গ করেন বঙ্গবন্ধু কন্যা। সফরে নরেন্দ্র মোদি,জাস্টিন ট্রুডোসহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকের বিষয় উল্লেখ করেন শেখ হাসিনা। অস্ট্রেলিয়ায় গ্লোবাল সামিট অন উইমেনে জাঁকালো অনুষ্ঠানে পাওয়া ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেশের নারী সমাজের প্রতি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই পুরস্কার আমি আমার দেশের নারী সমাজের প্রতি উৎসর্গ করেছি। আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে, সেটা বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে।