
নিউজ ডেস্কঃ ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৮তম। সম্প্রতি গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এসআইপিআরআই-এর করা গ্রাফ থেকে দেখা গেছে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে শীর্ষে রয়েছে এশিয়া, ওশেনিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো। যার মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮ নম্বরে। প্রতিবেদনে দেখা গেছে, ২০১২-১৬ সাল পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে চীন থেকে। নিজেদের আমদানি করা অস্ত্রের প্রায় ৭৩.৪৪% এসেছে চীন থেকে। পাকিস্তানের পরেই চীনের অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম বাজারও ছিলো বাংলাদেশ। দেশটির রপ্তানিকৃত অস্ত্রের ১৭.৮৫% এসেছে বাংলাদেশে।
বাংলাদেশে অস্ত্র সরবরাহকারী দেশের মধ্যে চীনের পরেই ছিলো রাশিয়ার অস্থান। দেশটি থেকে ওই পাঁচ বছরে নিজেদের আমদানির ১২.৮১% অস্ত্র আমদানি করেছে বাংলাদেশ। এছাড়া নিজেদের আমদানি করা অস্ত্রের ৫.১৬% যুক্তরাষ্ট্র থেকে, ইতালি থেকে ৩.১০%, ইউক্রেন থেকে ২.৪৯%, ফ্রান্স থেকে ১.২৭%, সার্বিয়া থেকে ০.৯৪%, চেক রিপাবলিক থেকে ০.৩৮%, জার্মানি থেকে ০.৩৩% এবং তুরস্ক থেকে এসেছে ০.১৪% অস্ত্র। প্রতিবেদনে বলা হয়েছ, ২০১২-১৬ পর্যন্ত অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ভারত। এসয়ের মধ্যে তারা বিশ্বের রপ্তানি হওয়া অস্ত্রের ১২.৮% আমদানি করেছে দেশটি। তার আগের পাঁচ বছরে এই হার ছিলো ৯.৭%। ২০০৭-১১ পর্যন্ত অস্ত্র আমদানিতে ১১ তম অবস্থানে থাকা সৌদি আরব পরের পাঁচ বছরে অস্ত্র আমদানিতে উঠে এসেছে দুই নম্বরে। তারা আমদানি করে ৮.২% অস্ত্র।