
নিউজ ডেস্কঃ দীর্ঘ ২০ বছর পর ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ও পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কারণে আজ বৃহস্পতিবার বিকেলে যুবলীগের উদ্যোগে পৌর শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন বাদলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাহ উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এ কাউসার,পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সজিব, যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা। উল্লেখ্য,১৯৯৮ সালে সর্বশেষ গফরগাঁও উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল। এর পর দীর্ঘ ২০ বছর পর গত ২৮ এপ্রিল গফরগাঁওয়ে যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।