
নিউজ ডেস্কঃ সফররত কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তাঁর দেশের সমর্থন অব্যাহত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেছেন, কানাডা এই সমস্যার দ্রুত সমাধান চায়। আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ১০ লাখেরও অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করি এবং এই সমস্যার সমাধানে বাংলাদেশকে আমরা সহযোগিতা দিতেউ প্রস্তুত রয়েছি। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসি পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলনের উদ্বোধনী পর্ব শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বর্ষাকাল মৌসুম এবং এ সময়ে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোনের সম্ভাবনা থাকায় প্রধানমন্ত্রী এ সময় রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রেস সচিব আরও বলেন, কানাডায় আশ্রয় গ্রহণকারী বঙ্গবন্ধুর খুনীদের দেশে প্রত্যপর্ণের বিষয়টিও বৈঠকে প্রধানমন্ত্রী উত্থাপন করেন। ক্রিস্টিয়া এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।