
নিউজ ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মাহমুদা আক্তার (৮) ও মো. কাউছার হোসেন (৯) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে ওই ইউনিয়নের তারিয়ানি গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু মাহমুদা ও কাউছার ওই বাড়ির মো. ইউসুফ হোসেনের সন্তান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, দুপুরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ছোট বোন মাহমুদা পড়ে গেলে তাকে উঠাতে গিয়ে কাউছারও পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বিকেল সোয়া ৫টায় বাড়ির পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করেন। ঘটনার সংবাদ পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হলে শিশুদের দাফনের ব্যবস্থা করা হবে।