News71.com
 Bangladesh
 07 May 18, 12:34 PM
 388           
 0
 07 May 18, 12:34 PM

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতির সফরের সময়সূচিতে কিছুটা পরিবর্তন।।

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতির সফরের সময়সূচিতে কিছুটা পরিবর্তন।।

নিউজ ডেস্কঃ আগামীকাল সোমবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সফরের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ পরিবর্তন ও নতুন সময় সূচি জানানো হয়েছে। নতুন সময়সূচি অনুয়ায়ী আগামীকাল সোমবার দুপুর ১টা ১০ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা ৪৫ মিনিটে মহামান্য রাষ্ট্রপতি ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতি দুপুর ১টা ২৫ মিনিটে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন এবং দুপুর ১টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবেন। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন তিনি। সেখানে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি সড়ক পথে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সংলগ্ন প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন এবং সেখানে মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম নিবেন। দুপুর ২টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দিবেন। প্রসঙ্গত,দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিগত ২৬ এপ্রিল একই কর্মসূচিতে যোগ দিতে মহামান্য রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া আসার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেদিন সে কর্মসূচিটি স্থগিত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন