
নিউজ ডেস্কঃ স্বামীর অবৈধ উপার্জনের টাকায় স্ত্রীর নামে সম্পদ অর্জন সংক্রান্ত ৯০ শতাংশ মামলায় স্বামীর অবৈধ উপার্জনের বিষয়ে স্ত্রী কিছুই জানে না। আর আইনে সেই কিছু না জানা নারীর বিরুদ্ধেই মামলা হচ্ছে। আইনি কাঠামোর মধ্য থেকেই এইসব নারীদের সুরক্ষা দেওয়ার চিন্তা করছে দুদক। ওইসব ঘটনায় দায়মুক্তির কোনো পথ বের করা যায় কি-না তা নিয়ে আলোচনা চলুক। এ নিয়ে আইনজীবী,আইনের শিক্ষকসহ আইনজ্ঞদের সঙ্গেও পরামর্শ করা হবে। প্রয়োজনের সংশ্লিষ্ট আইনের সংশোধন ও সংযোজনও করা যেতে পারে। আজ রবিবার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবার মাহমুদ। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির মেঘমালা সম্মেলন কক্ষে ‘দুর্নীতির মাধ্যমে অর্জিত আয় ও সম্পদের পারিবারিক দায়: নারীর ভূমিকা, ঝুঁকি ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা হয়। দুদক চেয়ারম্যান বলেন,মামলায় অভিযুক্ত নারীরা বলছেন যে তাঁরা স্বামীর অবৈধ উপার্জনের বিষয়ে কিছুই জানে না কিন্তু কাগজে তাঁদের সই আছে। তাঁরাও পরিচালক বা অন্য কোনো পদে আছেন। তাই নারীদের আরো বেশি সচেতন হতে হবে। ব্যাংক চেক বা খালি চেকে সই করার আগে জানতে হবে তিনি কেন সই দিচ্ছেন।
টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরম্নল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরো বলেন,গত দেড় বছর দেখেছি এসব কারণেই ১১৮টি মামলায় নারীরা আসামি হয়েছেন। স্বামীর অবৈধ উপার্জনের ঘটনায় নারীরা সম্পৃক্ত না হলেও আইনগত কারণেই নারীরা ভিকটিম হয়ে যাচ্ছেন। এমন বিষয়টিতে আমরা কোনো সমাধানে আসতে পারিনি। যে নারী স্বামীর অবৈধ উপার্জনের বিষয়ে কিছুই জানে না, সেই নারীর বিরুদ্ধে কেন মামলা করবো? দেড় বছর আগের কমিশনের করা মামলাগুলো আমাদের ভাবিয়ে তুলছে। সম্প্রতি এসব বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আগে বিভিন্ন নারী সংগঠন এবং মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলেছি। অন্তত আলোচনাটা শুরু হোক এবং চলুক। ইকবাল মাহমুদ বলেন, কয়েক বছর আগে এক মেডিকেল কলেজপড়ুয়া নারী ৬০ থেকে ৭০ লাখ টাকার দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি আমাকে ভাবিয়ে তোলে। ওই নারী জানেনই না স্বামীর সঙ্গে তিনিও দুর্নীতির মামলায় সাজা পেতে যাচ্ছেন। শুধু সেই নারীই নয়- এ রকম ১১৮টি দুর্নীতির মামলায় নারীর সাজা হওয়ার সম্ভাবনাটি খুবই নেতিবাচক বলে মন্তব্য করেন তিনি।
দুদক চেয়ারম্যান আরো বলেন, একজন নারী জানেন না তার স্বামীর দুর্নীতিবাজ অথচ তাকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার (স্ত্রীর) নামে-বেনামে স্বামীর অবৈধ অর্জিত সম্পদ ব্যাংকে যাচ্ছে কিংবা কোনভাবে লেনদেন হচ্ছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয় সম্পর্কে ওই নারীর না জানাটাও দুঃখজনক। আইনে কিংবা আদালতে ওই নারীকে রক্ষায় কিছু করার থাকে না। বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’ প্রধান ও নারী নেত্রী খুশি কবির বলেন, সমাজে নারীর ক্ষমতায়ন নেই। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নারীদের দাম দেয়া হচ্ছে না। সমান অধিকার তো দরের কথা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া ও নির্যাতন করা হচ্ছে নারীদের। যে কারণে দুর্নীতি বাড়ছে। স্বামীর সঙ্গে সঙ্গে নারীর নামও দুর্নীতি মামলায় ঢুকে যাওয়ায় নারীর সচেতনতা অনেককাংশে দায়ী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, দুর্নীতি মামলায় বেশি নাম আসছে সমাজের প্রতিষ্ঠিত ও সরকারি আমলা-কর্মকর্তাদের। যেসব দুর্নীতির মামলায় নারীর নাম জানা যাচ্ছে, তাদের স্বামীরা সমাজে প্রতিষ্ঠিত। সুতরাং নারীরা কি এত অবলা? আমার মা ফাইভ পাস ছিলেন। কিন্তু তার কারণে আমার বাবার সাহস ছিল না দুর্নীতি করার। অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর বলেন,নারীদের মূল্যায়ন করতে হবে। তাদের পারিবারিক শ্রমের পারিশ্রমিক তারা পান না। এটা নিশ্চিত করা দরকার। স্বামীর বৈধ ও অবৈধ আয়ের ব্যাপারে স্ত্রীরা যেমন বাধা দেবে তেমনি নিজেরাও দুর্নীতি সচেতন হতে হবে।
টিআইবির নির্বাহী পরিচালখ ইফতেখারুজ্জামান বলেন, আইনের সংশোধন আনা যেতে পারে। দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা খুবই জরম্নরী। দুদককে আরও শক্তিশালী ভূমিকা পালন করা দরকার। নারীরা অবলা নয়। নারীর ক্ষমতায়ন, নারীর মূল্যায়ণ ও সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতার পরিবেশ তৈরি করা গেলে সমাজ থেকে কমে যাবে এসব দুর্নীতি। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, অনেকেই বলে থাকেন, ওই ব্যক্তির ঘুষ না খেয়ে উপায় ছিল না। তাঁর স্ত্রী খুব ‘ডিমান্ডিং’। এই স্বামীরা কিন্তু স্ত্রীদের অন্য কোনো কথা শোনেন না, শুধু দুর্নীতির বেলায় স্ত্রীর কথায় বাধ্য হয়ে যান। সভায় আরো উপস্থিত ছিলেন,মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, আইনজীবী তানবীর সিদ্দিক, রোকেয়া কবির প্রমুখ।