
নিউজ ডেস্কঃ রাজধানীর দারুস সালাম এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেই গৃহবধূর নাম শাহানা আলম খান বিউটি (৪৫)। বিউটির স্বামী মো. কামাল হোসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে মাগুরা সদর উপজেলায় কর্মরত আছেন।গতকাল শনিবার দিবাগত রাতে লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর টিনসেড বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিউটি লালকুঠি এলাকার ওই বাসাতে পরিবারের সঙ্গে থাকতেন। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেলিমুজ্জামান জানান, গতকাল শনিবার দিবাগত রাতে হাত-পা বাঁধা অবস্থায় বিউটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।