
নিউজ ডেস্কঃ ইগলু-চ্যানেল আই রবীন্দ্রমেলা-২০১৮ আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. আতিউর রহমান। রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পাচ্ছেন তিনি। আগামীকাল মঙ্গলবার (৮ মে) চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হবে ১৩ তম রবীন্দ্র মেলা। তার আগে আজ সোমবার দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান,চ্যানেল আইয়ের বার্তা প্রধান স্বাধীনতা পদক প্রাপ্ত শাইখ সিরাজ, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ, মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইগলুর সিইও জিএম কামরুল হাসান, চ্যানেল আই অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম, রবীন্দ্র সংগীত শিল্পী লিলি ইসলাম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনের পর আজ সোমবার দুপুরে জানানো হয় ১৩ তম রবীন্দ্রমেলায় এবার আজীবন সম্মাননা পাচ্ছেন ড. আতিউর রহমান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত মেলা চলাকালীন এবার আতিউর রহমানের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানান আয়োজকরা। আজীবন সম্মাননার ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট আর উত্তরীয় তুলে দেওয়া হবে। অতীতে এ সম্মাননা পেয়েছেন কলিম শরাফী, ড. আনিসুজ্জামান, অজিত রায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, আতাউর রহমান, ফাহমিদা খাতুন, সাদী মহম্মদ, আবদুল্লাহ আবু সায়ীদ এবং তপন মাহমুদের মতো গুণী ব্যক্তিত্বরা।
মেলার বিস্তারিত জানিয়ে ইগলু-চ্যানেল আই রবীন্দ্রমেলার সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন,৮ মে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ১৩ তম রবীন্দ্র মেলা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গান-ছবি আঁকাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে। এবারের মেলায় শিশুদের অংশগ্রহণ বেশি থাকবে। রবীন্দ্রনাথ সংশ্লিষ্ট সংগঠন সুরের ধারা, সুর লহরী, সুরতীর্থ, উত্তরায়ণ মেলায় অংশ নেবে বলেও জানান শাইখ সিরাজ। এদিন সকাল থেকে রবীন্দ্রনাথ কেন্দ্রিক বিশেষ গানে গানে সকাল, বিশেষ তৃতীয় মাত্রা, নাটক ও সিনেমা থাকবে চ্যানেল আইয়ের পর্দায়।