
নিউজ ডেস্কঃ শেরপুরে পৃথক বজ্রপাতে স্কুলছাত্রী ও কৃষি শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে,আজ সোমবার সকাল ৮টার দিকে নালিতাবাড়ী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও হালুয়াঘাট উপজেলার পাঘারিয়া গ্রামের সোহেল মিয়ার মেয়ে শারমিন প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁর ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়াও বেলা পৌনে ১১টার দিকে মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাতে নিহত হন আব্দুর রহিম নামে এক কৃষক। সে শেরপুর সদর উপজেলার হালগ্রামের আকু শেখের ছেলে। শেরপুর সদর উপজেলার ইউএনও হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তা ছাড়াও সকাল পৌনে নয়টার দিকে মাঠ থেকে কাটা ধান নিয়ে বাড়িতে আসার পথে বজ্রপাতে নিহত হন শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক। তিনি নকলা উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের মোজারচর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। এ সময় বজ্রপাতে এক কৃষি শ্রমিকের শরীরও ঝলসে যায়। অন্যদিকে সকাল ১১টার দিকে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন কুব্বত আলী নামে এক কৃষক। পরে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক (আরএমও) মো. আনিসুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কুব্বত আলী জেলার শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের বাসিন্দা। এ ছাড়াও একই দিনে জেলার নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় গ্রামে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের দুটি গরু মারা গেছে।