
নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিল শুনানি বুধবার (০৯ মে) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (০৮ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ আদেশ দেন। দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শেষ করেছেন। খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী শুনানি শুরু করেছেন। তার অসমাপ্ত শুনানি বুধবার করবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিকে গত ৫ মে (রোববার) বিকেলে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীরা দেখা করতে গেলে তিনি (খালেদা জিয়া) জানতে চান, তার জামিন হচ্ছে না কেন। তখন আইনজীবীরা তাকে আশ্বস্ত করেছেন ৮ মে তার জামিন হতে পারে।
গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান মামলাটিতে খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে খালেদাপুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়।