
নিউজ ডেস্কঃ মহাসড়কে বাস-ট্রাকচালকদের জন্য বিশ্রামাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প : জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক (এন-৪) চার লেনবিশিষ্ট মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্প অনুমোদনকালে তিনি এই নির্দেশ দিয়েছেন। দূর যাত্রাপথে কিছু পথ অতিক্রম শেষে বাস-ট্রাকচালকদের বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিতে সড়ক ও জনপথ বিভাগকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় ১৩ হাজার ২৮৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।