
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, মানুষ সব বয়সে কিছু করতে পারে না। তাই তারুণ্যই পারে সবকিছু জয় করতে। কারণ, এই তরুণ বয়সে তার মাঝে এমন কিছু তৈরি হয় যা দিয়ে সে নিজকে এবং দেশকে এগিয়ে নিতে পারে। আজ বুধবার দুপুরে চাঁদপুর পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের অগ্রদূত নামে একটি সংগঠনের উদ্দেশে শিশুদের পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজ তোমরা যা করেছে তা নিজের জন্য নয়, সমাজকে দেশকে আলোকিত করতেই এসব করেছ। আমিও তোমাদের সাথে সামাজিক কাজগুলোতে সহযোগিতা ও উৎসাহ দিয়ে যাবো। সংগঠনের উপদেষ্টা মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ, বিশিষ্ট সমাজসেবক রেজওয়ানুর রহমান রেজু, দৈনিক কালের কন্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক সাখওয়াত ইমন। এর আগে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তরুণ শিল্প উদ্যোক্তাদের মাঝে বিসিক প্রদত্ত ঋণের চেক বিতরণ করেন ডা. দীপু মনি।