News71.com
 Bangladesh
 10 May 18, 01:02 AM
 416           
 0
 10 May 18, 01:02 AM

বেকারত্ব দূরীকরণে প্রয়োজন বিনিয়োগবান্ধব পরিবেশ।। শ্রমশক্তি জরিপ

বেকারত্ব দূরীকরণে প্রয়োজন বিনিয়োগবান্ধব পরিবেশ।। শ্রমশক্তি জরিপ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ একটি জনবহুল দেশ। দেশে বেকারত্বের হার দিন দিন বাড়ছে।বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় বেকারত্ব বৃদ্ধি অনিবার্য হয়ে উঠছে। গত ২০১৬-১৭ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে ১৫ বছরের বেশি বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা ১০ কোটি ৯১ লাখ। এর মধ্যে বেকারের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার। আর ২০১৫-১৬ অর্থবছরে এই সংখ্যা ছিল ২৬ লাখ। এক্ষেত্রে এক বছরে বেকার বেড়েছে ৮০ হাজার। উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এসব তথ্য উঠে এসেছে।জরিপে দেখা যায়, জাতীয় বেকারত্বের গড় হার অপরিবর্তিত রয়েছে। এ হার ৪ দশমিক ২ শতাংশ। উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি। অর্থাৎ মোট বেকারত্বের ১১ দশমিক ২ শতাংশ উচ্চ শিক্ষিত। বেকার জনগোষ্ঠীর মধ্যে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। এছাড়া অর্থনীতির রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের কৃষি খাতে কর্মজীবী মানুষের সংখ্যা কমেছে, বিপরীতে বাড়ছে শিল্প ও সেবা খাতের শ্রম শক্তির সংখ্যা। দেশের মোট শ্রমশক্তির ৫৬ শতাংশ কৃষি, শিল্প ও সেবা খাতে নিয়োজিত রয়েছে, যা সংখ্যায় ৬ কোটি ৮০ লাখ। শ্রম শক্তির বাইরে রয়েছে ৪ কোটি ৫৫ লাখ মানুষ। জরিপ প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে দেশে নতুন কর্মসংস্থান হয়েছে ৩৭ লাখ। এর মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১৩ লাখ। মজুরি ছাড়াই কাজ করতেন (আনপেইড) এমন ১৪ লাখ মানুষ মজুরিভিত্তিক (পেইড) কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। আর প্রবাসের শ্রমবাজারে যোগ দিয়েছেন ১০ লাখ মানুষ।

এ থেকে প্রমাণিত হয়, প্রবৃদ্ধি অর্জনে আমাদের জাতীয় প্রয়াস যতখানি একে কর্মসৃজন করে অন্তর্ভুক্তিমূলক করার প্রয়াস ততটাই পিছিয়ে। বিরাজমান শিক্ষা ব্যবস্থায় যুব শক্তি হরেক ধরনের সনদ পেয়ে থাকে সত্য, কিন্তু অর্জিত শিক্ষা বা জ্ঞান কর্মসংস্থানে কোন কাজে লাগছে না। বর্তমান শিক্ষা যুবশক্তির অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটিয়ে তাকে দক্ষ করে তুলতে মোটেই সাহায্য করে না। সাম্প্রতিক বছরগুলোতে দেশে শিক্ষিতের হার দ্রুত বৃদ্ধি পেলেও সে তুলনায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। গত এক দশকে বেকারত্ব বেড়েছে এক দশমিক ছয় শতাংশ। নতুন কর্মসংস্থান সৃষ্টির হার কমেছে দুই শতাংশ। বাংলাদেশে প্রতিবছর শ্রমবাজারে ঢুকছে ২৭ লাখ মানুষ। সরকারি বা বেসরকারি খাতে তাদের মধ্যে এক লাখ ৮৬ হাজার মানুষকে কাজ দেয়া সম্ভব হচ্ছে। বাদবাকিদের জন্য বেকারত্ব অনিবার্য হয়ে উঠছে। বাংলাদেশে বেকারত্বের হার বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া যে কোনো বিবেচনায় দুর্ভাগ্যজনক। কারণ বাংলাদেশকে বলা হয় অমিত সম্ভাবনার দেশ। শ্রমের দাম কম হওয়ায় এবং ১৬ কোটি মানুষের একটি বিশাল বাজার থাকায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে আগ্রহী। কিন্তু তারপরও বাংলাদেশে বিদেশি বিনিয়োগের হার কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছাচ্ছে না। অবকাঠামোগত সমস্যা, গ্যাস-বিদ্যুতের সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগের ক্ষেত্রে আস্থা রাখতে পারছেন না। দেশি বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি থাকায় বিদেশি বিনিয়োগকারীরাও প্রভাবিত হচ্ছে। তারা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

কর্মসৃজনের প্রধান উৎস বেসরকারি বিনিয়োগ। বেসরকারি বিনিয়োগ। এছাড়া যেখানে যেটুকু বেসরকারি বিনিয়োগ হচ্ছে তাও খুব একটা কর্মসৃজনমুখী নয়। বর্তমানে আমাদের অর্থনীতি ও বেকারত্বের বিবেচনায় যে ধরনের প্রযুক্তিমুখী বিনিয়োগ হওয়া দরকার, তা হচ্ছে না। বরং কাঠামোগত সীমাবদ্ধতার কারণে, আধুনিক প্রযুক্তি প্রয়োগের কারণে নতুন কর্মসংস্থান না হয়ে চলমান কর্মসংস্থানের ক্ষেত্রকেও সঙ্কুচিত করে ফেলছে। যেখানে কর্মসৃজন কম হয়, অতি মুনাফার প্রত্যাশায় দেখা গেছে সেখানেই বেসরকারি বিনিয়োগ সর্বোচ্চ আকৃষ্ট হচ্ছে। আমাদের শিল্পনীতি রয়েছে, বাণিজ্যনীতি রয়েছে, কিন্তু বিনিয়োগ নীতি নেই। প্রযুক্তির বিকাশকে কোন পর্যন্ত আমরা টেনে নিয়ে যেতে পারব সে সম্পর্কে জাতীয় নীতি থাকা দরকার। সেই সঙ্গে আমাদের গণতান্ত্রিক শাসন পদ্ধতিও দায়িত্বশীল হওয়া দরকার। রাজনীতি যদি সহিংস হয়, দেশে যদি বাৎসরিক অস্থিতিশীলতা বিরাজ করে তাহলে দেশি-বিদেশি বিনিয়োগ হবে কেন। আর এ বিনিয়োগ প্রত্যাশিত না হলে কর্মসৃজন হবে কীভাবে? এ প্রশ্নগুলোরই উত্তর আমাদের জাতীয় পর্যায়ে খোঁজা দরকার। এ সমস্যার সমাধান করা দরকার। বেকারত্বের হার বৃদ্ধি বাংলাদেশের জন্য নানা আশঙ্কা সৃষ্টি করছে। স্থিতিশীলতার জন্য এটিকে প্রত্যক্ষ হুমকি হিসেবে ভাবা হচ্ছে। এ হুমকির মোকাবিলায় দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। বেকারত্ব থেকে রেহাই পাওয়ার এটিই প্রকৃষ্ট পথ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন