
নিউজ ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন,৩৮টি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত দুই লাখ শিশুকে কারিগরি প্রশিক্ষণ ও উপ আনুষ্ঠানিক শিক্ষা দেওয়ার লক্ষে সরকার ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প’ গ্রহণ করেছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পে প্রতিবন্ধী শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আজ জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘অটিজম বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালায়’ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মুজিবুল হক বলেন,সরকার এসব প্রতিবন্ধী শিশুদের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত করার একটি পরিকল্পনাও গ্রহন করেছে। প্রতিমন্ত্রী বলেন,ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদে র ফিরিয়ে এনে ২০২১ সালের মধ্যে শিশুশ্রম নিরসন করা হবে। সরকার এ জন্য ২’শ ৮৪ কোটি ৪৯ লাখ টাকার ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প’ গ্রহণ করেছে।
তিনি বলেন,এ প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত একলাখ শিশুকে উপ-আনুষ্ঠানিক শিক্ষা এবং এক লাখ শিশুকে কারিগরী প্রশিক্ষণ দেয়া হবে। এর সাথে তারা মাসিক এক হাজার টাকা করে বৃত্তি পাবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্টিজম বিশেষজ্ঞ ড. কামরুন নাহার মুস্তাফা। এনএসডিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ড. আনোয়ার উল্লাহ এবং নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এনডিসি এ সময় বক্তব্য রাখেন।