
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ছয় পরীক্ষার্থীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার গোপালগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার হল থেকে তাদেরকে আটক করা হয়। জেলার ২০০টি সহকারী শিক্ষক পদের বিপরীতে ২১টি কেন্দ্রে ১৪ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহসিন উদ্দিন বলেন, নিয়োগ পরীক্ষা চলাকালে এসব প্রার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন। পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে এদেরকে এই সাজা প্রদান করা হয়। গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার. মিম বালা ও তনুজা বিশ্বাসকে বহিষ্কার করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পাঁচ নারী পরীক্ষার্থীকে এক হাজার টাকা করে জরিমানা ও শংকর দাসকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়। নারীরা টাকা জমা দিয়ে মুক্তি লাভ করেন। অপর পুরুষ পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।