News71.com
 Bangladesh
 11 May 18, 11:02 AM
 157           
 0
 11 May 18, 11:02 AM

১৯৭০ সালের মতো এবারের নির্বাচনও গুরুত্বপূর্ণ।।স্বাস্থ্যমন্ত্রী

১৯৭০ সালের মতো এবারের নির্বাচনও গুরুত্বপূর্ণ।।স্বাস্থ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে কোন ভুল করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং আগুনে পুড়িয়ে যারা মানুষ হত্যা করে এ দেশের জনগণ তাদের ভোট দেবে না। তারা জনগণের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি আরো বলেন, এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের মুক্তিযুদ্ধের শক্তি রাষ্ট্র পরিচালনা করবে, নাকি পাকিস্তানের প্রেতাত্মা ঘাতকেরা দেশ শাসন করবে, তা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারের খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

 

এসময় সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ জয়ের যাত্রা শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করা হচ্ছে। দলের স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, উন্নয়ন এবং ভালবাসা দিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা সহ অবকাঠামোগত সকল উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার ভোট চাইতে হবে। নির্বাচনী মাঠে একা খেলতে কোন মজা নেই। প্রতিপক্ষকে পরাজিত করেই আওয়ামী লীগ ভোটে জিততে চায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে হ্যাট্রিক করতে চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন