News71.com
 Bangladesh
 12 May 18, 02:01 AM
 345           
 0
 12 May 18, 02:01 AM

রাজধানী ঢাকা এখন ধুলা-কাদার ভূস্বর্গ : অতিষ্ঠ নগরবাসী

রাজধানী ঢাকা এখন ধুলা-কাদার ভূস্বর্গ : অতিষ্ঠ নগরবাসী

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা এখন ধুলা-কাদার ভূস্বর্গ । রাত বা দিন বলে কথা নেই, সব সময়ই ধুলা উড়ছে আর বৃষ্টি হলে কাদার ভূস্বর্গে পরিণত হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকা। গোটা রাজধানীর দৃশ্যপট দেখলে কখনো মনে হয়, সবকিছু ঘন কুয়াশায় ঢেকে আছে। আবার কখনো বৃষ্টি হলে মনে হয়, কোন এক গ্রেমের পাড়া গায়ের রাস্তা। ধুলা-কাদার অত্যাচারে পথচারীরা অতিষ্ঠ। গৃহেও কারো স্বস্তি নেই। রাস্তাঘাট, বাড়িঘর-সব ধুলি মলিন ধুলা নির্বিবাদে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করছে। এতে শ্বাস-প্রশ্বাসের সমস্যাসহ নানা রোগ-ব্যাধি দেখা দিচ্ছে। তেমনি নষ্ট হচ্ছে সুন্দর সুন্দর পোশাক। ধুলা খোলা হোটেল-রেস্তোরাঁর খাবারের সঙ্গে মিশছে। তা খাওয়ার পর বিভিন্ন সমস্যা ও রোগ দেখা দিচ্ছে। এ অবস্থাকে ভয়াবহ বললেও কম বলা হয়। নগর কর্তৃপক্ষ ও অন্য কারো এদিকে নজর নেই। মানুষ নিরুপায় তাদের কিছু করার নেই। নীরবে ধুলা-কাদার উপদ্রব তাদের সহ্য করতে হচ্ছে, এর ক্ষতির শিকার হতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন সেবা সংস্থার উন্নয়নমূলক কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মাণ ও উন্নয়ন কাজ ওই ধুলার উৎস এবং তার বিস্তারের কারণ।

সব দেশের রাজধানীতেই প্রয়োজনে উন্নয়ন ও নির্মাণকাজ চলে, সেতা সম্প্রসারণের কাজ হয়, সংস্কারের কাজও হয়। কিন্তু কোথাও এ ধরনের অবস্থা দেখা দেয় বলে আমাদের জানা নেই। এ দেশে নাগরিকদের যে মানুষ বলে মনে করা হয় না, এটা তার একটা বড় প্রমাণ। খোঁড়াখুঁড়ি ও নির্মাণ-সংস্কার কাজে যে ধুলা-কাদার সৃষ্টি হয়, তা দূর করার জন্য নিয়মিত পানি ছিটানোর কথা থাকলেও তা করা হয় না। কেন করা হয় না, তার যৌক্তিক কোনো কারণ নেই। দায়িত্বহীনতা ও অবহেলাই এর একমাত্র কারণ। এর ফলে নাগরিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। মানুষ নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, চিকিৎসায় অর্থ ব্যয় করছে। মানুষের সমূহ ক্ষতি হলেও লাভ হচ্ছে হাসপাতাল ও ডাক্তারদের।

বায়ুদূষণ রাজধানীর একটা বড় সমস্যা। বলা হয়, এখানে নিঃশ্বাসের সঙ্গে মানুষ প্রতিনিয়ত বিষ গ্রহণ করছে। সেই বিষাক্ত বায়ুর সঙ্গে উত্তপ্ত ধুলার মিশ্রণ বায়ুকে রীতিমতো ভয়ঙ্কর করে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বায়ুদূষণের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। চিকিৎসায় অযোগ্য হয়ে অনেকে মারা যাচ্ছে। বস্তুত, বায়ুদূষণ, শব্দদূষণ, পানিদূষণ এবং ময়লা-আবর্জনার সয়লাবের কারণে রাজধানী মানব বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাজধানীকে অবশ্যই পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য করে তুলতে হবে। তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও কার্যব্যবস্থা গ্রহণ করতে হবে। এ মুহূর্তে ধুলা-কাদার জুলুম থেকে নগরবাসীকে রক্ষা করতে হবে। নিয়মিত পানি ছিটিয়ে ধুলা-কাদা নিবারণের ব্যবস্থা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন