
নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বিগত বিএনপি সরকারের আমলে বাংলাদেশ রেলওয়ে ছিল একেবারে অবহেলিত। সে সময় রেলওয়ের উন্নয়নে কোনও রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি। বরঞ্চ সে সময় ১৩ হাজার শ্রমিক কর্মচারীকে গোন্ডেল হ্যান্ডশেকের নামে চাকুরিচ্যুত করা হয়েছিল। কিন্ত বিগত ২০১১ সালে ৪ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের আমলে রেলওয়ের উন্নয়নের জন্য পৃথক একটি রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়। বর্তমান আওয়ামী লীগ সরকার রেলওয়ের প্রতি বিশেষ নজর দিয়েছেন। আজ শনিবার বেলা ১১টায় দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,সারাদেশের রেলওয়ের নতুন নতুন লাইন স্থাপন করা হচ্ছে। এতে করে গোটা দেশে রেল যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। আর যাত্রীসেবা বাড়াতে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে নতুন নতুন কোচ ও ইঞ্জিন। কারণ রেলপথ হচ্ছে নিরাপদ ও সাশ্রয়ী। তাই দেশের মানুষ ট্রেনে ভ্রমন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু এখন ট্রেনের যাত্রী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর আগে ট্রেনের যাত্রী সংখ্যা তুলনামূলক কম ছিল।
এ সময় মন্ত্রী রেলওয়ের জনবল সংকটের কথা জানিয়ে বলেন,বর্তমান সরকারের আমলে জনবল সংকট কাটিয়ে উঠতে প্রতি বছর রেলওয়েতে লোক নিয়োগ করা হচ্ছে। ইতোমধ্যে সারাদেশে বিভিন্ন পদে ৮ হাজারেরও বেশি লোক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন,সংকট কাটিয়ে উঠতে অনেক সময় লোক নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন করেও মামলার কারণে তা স্থগিত করতে হয়। এতে করে লোক নিয়োগে মারাত্মক স্থবিরতা দেখা দেয়। তারপরও নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীদের পারফর্মেন্স অনেক ভাল উল্লেখ করে রেলমন্ত্রী বলেন,গত ঈদে এই কারখানায় ৮৫টি বগি মেরামত করা হয়। এ বছর সে সংখ্যা ৯০টির বেশি ছাড়িয়ে বলে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন,অতি শীঘ্রই সৈয়দপুর কারখানায় মেরামত করা ১৪টি কোচ দিয়ে আরো একটি আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। আর ইঞ্জিন ও বগির স্বল্পতা কেটে গেলে যত তাড়াতাড়ি আরও একটি আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে। ভারতীয় ঋণে সৈয়দপুর রেলওয়ে কারখানার আরো আধুনিকায়ন করাসহ একটি নতুন কোচ তৈরির কারখানা নির্মাণ করার কথা জানিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, আগে রেলওয়ে খাতে বার্ষিক বরাদ্দ ছিল ৫০০ কোটি টাকা। এখন এ বরাদ্দ দাঁড়িয়েছে ১৬ হাজার ১৩২ কোটি টাকায়। রেলওয়ে কারখানার সম্মেলন কক্ষে ওই ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলদেশ রেলওয়ের মহাপরিচালক (জিএম) মো. আমজাদ হোসেন, অতিরিক্ত মহা-পরিচারক (আরএস) মো. সামসুজ্জোহা, জিএম (পশ্চিমাঞ্চল) মো. রমজান আলী, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (পশ্চিমাঞ্চল) মো. বেলাল হোসেন সরকারসহ রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।