
নিউজ ডেস্কঃ বাংলাদেশ তরুণদের দেশ। জনসংখ্যার ৪৪ শতাংশ তরুণ। এদের বয়স ২৫ বা তার নিচে। বাংলাদেশে কর্মক্ষম মানুষ রয়েছে ১০ কোটি ৫৬ লাখ, যা মোট জনসংখ্যার ৬৬ শতাংশ। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হলে আরও বেশি ও ভালো কাজের সৃষ্টি করতে হবে, শ্রমশক্তিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। বিনিয়োগ করতে হবে উৎপাদনশীল খাতে। বিপুল এই তরুণদের কাজে লাগাতে না পারলে সমস্যাও দেখা দিতে পারে ভবিষ্যত বাংলাদেশের জন্য। বাংলাদেশসহ এই অঞ্চলের কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বিরাট অংশ বেকার। যুবক শ্রেণীর একটি অংশ মা-বাবার আয়ের ওপর নির্ভরশীল। এরা কাজ চায়। যদিও কাজ চায় কিন্তু বিভিন্ন কারণে তারা পায় না। এ কথা অনস্বীকার্য, সুদীর্ঘকাল থেকেই বাংলাদেশের উন্নয়নের চালিকাশক্তি হয়ে রয়েছে তরুণ সমাজ। বাংলাদেশের আজকের যে অবস্থান, তার পেছনে এদের ভূমিকাই সবচেয়ে বেশি। বিশ্বের খুব কম দেশেই এমন সমৃদ্ধ তরুণ শ্রেণী রয়েছে। অন্য অনেক দেশের দিকে তাকালে দেখা যায়, সেখানে দিন দিন তরুণ শ্রেণী হ্রাস পাচ্ছে। এ নিয়ে তাদের দুঃশ্চিন্তার অন্ত নেই। বাধ্য হয়ে তাদেরকে তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল দেশ থেকে তরুণদের আমদানি করে কাজে লাগাতে হচ্ছে। যে চীন তরুণদের ওপর ভর করে সমৃদ্ধির শিখরে, সেও আজ তারুণ্য সংকটে পড়েছে। এর বিপরীতে বাংলাদেশে তরুণ শ্রেণী উপচে পড়ছে। কর্মসংস্থানের অভাবে এদের বৃহদংশই বেকার। অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে যে হারে কর্মসংস্থান হওয়ার কথা, তা বৃদ্ধির পরিবর্তে দিন দিন হ্রাস পাচ্ছে। গত দেড় দশকের মধ্যে বাংলাদেশে এখন বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। এদের মধ্যে ৭৪ শতাংশই তরুণ-তরুণী। বেকারত্বের প্রকৃত চিত্র এটি নয়। বাস্তবে এই চিত্র আরও ভয়াবহ। বেকারদের কাক্সিক্ষত মাত্রায় কর্মসংস্থান তো হচ্ছেই না, উপরন্তু কর্মরত অবস্থা থেকে বেকার হয়ে পড়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
যথাসময়ে তরুণদের কাজে লাগিয়ে শ্রমশক্তির মান উন্নয়ন করতে না পারলে, এক সময় তারা রাষ্ট্রের বোঝায় পরিণত হবে। একটা সময় আমাদের অধিক জনসংখ্যাকে বোঝা মনে করা হতো। এখন তা বোঝা নয়, অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই শক্তি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি কিনা? দেশের বেকারত্বের দিকে তাকালে বলা যায়, এ ক্ষেত্রে আমরা ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছি। যুবশক্তিকে কাজে লাগাতে সরকারের যে ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন, তার ব্যাপক ঘাটতি রয়েছে। অর্থনীতির উন্নয়ন হচ্ছে না। বেকারত্বের হার কমাতে পর্যাপ্ত কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে না। কর্মসংস্থানের মূল উৎস হিসেবে পরিচিত গার্মেন্ট ও শ্রমশক্তি রপ্তানি খাত বিপর্যয়ের মধ্যে রয়েছে। এর উত্তরণের কোনো কার্যকর পদক্ষেপ নেই বললেই চলে। অথচ দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে তরুণ শ্রেণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অপরিহার্য। সুযোগ পেলে আমাদের তরুণরা যে দেশের জন্য বিস্ময়কর অবদান রাখতে সক্ষম, তা বারবার প্রমাণিত হয়েছে। এই কর্মকাক্সক্ষী তরুণ শ্রেণীকে কোনোভাবেই বেকার অবস্থায় রেখে দেয়া যায় না। এদের কাজে লাগাতে হবে। কর্মসংস্থানের যেসব খাত অচলাবস্থার মধ্যে পড়েছে, সেসব খাত সচল করার পাশাপাশি বিনিয়োগের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করা জরুরি। বলার অপেক্ষা রাখে না, বিনিয়োগ না হলে চাকরির যেমন সুযোগ সৃষ্টি হয় না, তেমনি আত্মকর্মসংস্থানও স্থবির হয়ে পড়ে। কাজেই অর্থনৈতিক অগ্রযাত্রা গতিময় করে তুলতে আমাদের অমূল্য সম্পদ তরুণ শ্রেণীকে কাজে লাগানোর সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে। তা নাহলে এই তরুণ সমাজ শুধু পরিবার বা সমাজের বোঝা নয়, রাষ্ট্রের বোঝায় পরিণত হবে।