
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ বাংলা শাখাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের পরিচালনা পর্ষদের কাছে চেক তুলে দেন স্কুলের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিদ্যালয়টির ৩৬ বছরের ইতিহাসে এটাই সরকার থেকে পাওয়া বড় ধরনের অনুদান বলে জানান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মোসতাক আহমেদ। পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম ও সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় চেয়ারম্যান মোসতাক আহমেদের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ বদরুল আলম।