
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরন হচ্ছে চার লেনের পায়রা-রজপাড়া সংযোগ সড়ক। চলতি বছরের শেষ দিকে এই সড়কের কাজ শেষ হবে। পায়রা বন্দরমুখী এ সড়কের কাজ ৪৫ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এমপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫৪তম বৈঠক শেষে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা সড়ক নির্মাণের প্রকল্প চুক্তি স্বাক্ষর হয় ২০১৬ সালের ২৮ নভেম্বর। এখন পর্যন্ত ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আর এর আর্থিক অগ্রগতি ৪২ শতাংশ। কমিটি এই সড়ক দ্রুত শেষ করার সুপারিশ করেছে।
জানা যায়, বৈঠকে পায়রা সমুদ্র বন্দর উন্নয়নের অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ বন্দরের উন্নয়ন কার্যক্রম মাত্র ৪৯ দশমিক ৯৭ শতাংশ শেষ হয়েছে। অথচ কাজ শুরু হয়েছে ২০১৫ সালে। এই বন্দরের জন্য ইতোমধ্যে ১৪২৭.৪৯ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। আরও জমি অধিগ্রহণের কাজ চলছে। এই বন্দরের জন্য ১৬ একর জায়গার ওপর প্রশাসনিক ভবন নির্মাণ করা হচ্ছে। এটির কাজ ৯২ শতাংশ শেষ হয়েছে। নির্মাণ করা হচ্ছে চারটি শিপইয়ার্ড ও সাতটি বিভিন্ন প্রকার বোট। বৈঠকে আরও উল্লেখ করা হয়, পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে যৌথ কোম্পানির পরিবর্তে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। বিদেশি ড্রেজিং কোম্পানির সঙ্গে কারিগরি ও আর্থিক বিষয়ে সহযোগিতার জন্য রয়াল হাস্কোনিং-কে পরামর্শক নিয়োগ করা হয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন নদীর গঠন, উৎস, প্রকৃতি সবকিছু সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও কমিটির বৈঠকে প্রদর্শন করার সুপারিশ করা হয়।