News71.com
 Bangladesh
 17 May 18, 11:10 AM
 180           
 0
 17 May 18, 11:10 AM

রোজার শুরুতেই বেগুনের বাজারে আগুন  

রোজার শুরুতেই বেগুনের বাজারে আগুন   

বিশ্বজিৎ বিশ্বাসঃ রমযানের শুরুতেই রাজধানীর বাজারে বেগুনের দামে দেখা দিয়েছে রোজার উত্তাপ। কয়েক দফা বেড়ে বেগুন কেজিতে ১০০ টাকায় পৌঁছে গেছে। তবে অতীতের প্রথা ভেঙে দামের ক্ষেত্রে এবার চমক দেখাচ্ছে কাঁচামরিচ ও ধনেপাতা। মাসের অধিক সময় ধরেই এ দুটি পণ্যের দাম স্থিতিশীল। এমনকি কাঁচামরিচ-ধনেপাতায় রোজার উত্তাপের প্রভাবও পড়েনি। নিউজ ৭১ এর পক্ষ থেকে রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা ও শান্তিনগরের বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করা হয়। কথা হয় ব্যবসায়ী,ক্রেতাদের সঙ্গে। ব্যবসায়ীরা জানিয়েছেন চলতি মাসের শুরু থকেই বেগুনের দাম বাড়ছে। এপ্রিল মাসে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুনের দাম মে মাসের শুরুতেই এক লাফে বেড়ে হয় ৮০ টাকা। দ্বিগুণ বাড়ার পরও এ সবজিটির দামের উল্লম্ফন থামেনি।

আরও কয়েক দফা বেড়ে এখন অনেক বাজারেই ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কারওয়ান বাজার, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজারের ব্যবাসয়ীরা প্রতিকেজি লম্বা বেগুন ৯০-১০০ টাকায় বিক্রি করছেন। গোল বেগুন ৭০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে। রোজায় বেগুনের দাম বাড়ার কারণ কী- এমন প্রশ্নে এই ব্যবসায়ী বলেন,রোজার সময় বেগুনের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। রোজার এক মাসে যে পরিমাণ বেগুনের চাহিদা থাকে,তা দিয়ে বছরের চার-পাঁচ মাসের চাহিদা মেটানো যায়। বেগুনের দামের বিষয়ে এ বাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেন বলেন, মূলত রোজার কারণেই বেগুনের এমন দাম। চলতি মাসের শুরু থেকেই বেগুনের দাম বাড়ছে। আমরা আশা করছি রোজা চলে গেলেই বেগুনের দাম আবার কমে যাবে।

বেগুনে এমন উত্তাপ ছড়ালেও তার কোনো প্রভাবই নেই রোজার মাসে চাহিদা বৃদ্ধিতে এগিয়ে থাকা পণ্যগুলোর মধ্যে কাঁচামরিচ ও ধনেপাতায়। রোজা দুয়ারে কড়া নাড়লেও দুই মাস আগের দামে বিক্রি হচ্ছে এ দুটি পণ্য। বাজার ভেদে আড়াইশ গ্রাম কাঁচামরিচ ২০-৩০ টাকায় ও ধনেপাতা ২৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর কারওয়ানবাজারে পাইকারিতে কাঁচামরিচ প্রতিকেজি ৩০-৩৫ টাকা ও ধনেপাতা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন