News71.com
 Bangladesh
 17 May 18, 06:32 AM
 156           
 0
 17 May 18, 06:32 AM

আওয়ামী লীগে নতুন নেতৃত্ব খোঁজার পরামর্শ শেখ হাসিনার।।  

আওয়ামী লীগে নতুন নেতৃত্ব খোঁজার পরামর্শ শেখ হাসিনার।।   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো শক্তিশালী করতে সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন,একটা কথা মনে রাখতে হবে,সংগঠন যদি শক্তিশালী হয়,সংগঠনে যদি ঐক্য থাকে আর এই সংগঠন যদি জনগণের পাশে থেকে জনমত সৃষ্টি করতে পারে তখনই যেকোন কিছু অর্জন করা সম্ভব হয়। যা আমরা বার বার প্রমাণ করেছি। এ সময় তিনি আওয়ামী লীগের নতুন নেতৃত্ব খোঁজার জন্যও দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজ বৃহস্পতিবার সকালে তাকে শুভেচ্ছা জানাতে এলে তিনি এ কথা বলেন।

প্রথমে দলের সিনিয়র নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ, সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং অ্যাডভোকেট সাহারা খাতুন, দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এবং ডা. দীপু মনিসহ দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর একে একে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সহযোগী সংগঠন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুব লীগ, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, তাঁতি লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং মহিলা শ্রমিক লীগের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন