News71.com
 Bangladesh
 22 May 18, 07:14 AM
 129           
 0
 22 May 18, 07:14 AM

গত আড়াই বছরে ৭৫৯ সরকারি কর্মকর্তা দুদকের আসামি।।

গত আড়াই বছরে ৭৫৯ সরকারি কর্মকর্তা দুদকের আসামি।।

নিউজ ডেস্কঃ সরকারি সেবাখাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নজরদারি করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হটলাইনে যত অভিযোগ আসছে তারমধ্যে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কার্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই বেশি। এসব অভিযোগ থেকে অফিসওয়ারি সন্দেহভাজন দুর্নীতিবাজদের একটি তালিকা করা হয়েছে। ওই তালিকা ধরে দুদক আরো টিম গঠন করে ফাঁদ পেতে দুর্নীতিবাজদের আটক করবে বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ২০১৬ সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রায় আড়াই বছরে দুদকের দায়ের করা শতাধিক মামলায় মোট ৭৫৯ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে। যুগ্মসচিব থেকে শুরু করে নিচের দিকের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এই তালিকায় রয়েছেন। এসব মামলা পর্যালোচনা করে দেখা গেছে,সেবাখাতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি। যে কারণে সেবা খাতগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক),ঢাকা উত্তর সিটি করপোরেশন, দক্ষিণ সিটি করপোরেশন, এলজিইডি, সাব-রেজিস্ট্রি অফিস, বিএসটিআই, বিআরটিএসহ বিভিন্ন অধিদপ্তর, সোনালী ব্যাংক, জনতা ব্যাংকসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক।

এ ব্যাপারে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য ইত্তেফাককে বলেন,দুদকে লিখিত অভিযোগ ও হটলাইনে প্রাপ্ত অভিযোগ পর্যালোচনা করে দেখেছে কমিশন। এসব অভিযোগের ভিত্তিতে তালিকা করা হয়েছে। তালিকা ধরে দুদক দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে দুদক সেবা প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালিয়েছে। দুদকের একাধিক কর্মকর্তা জানান,২০১৮ সালের কৌশলগত কর্মপরিকল্পনা অনুযায়ী কমিশন বিভিন্ন সরকারি বিভাগ,সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের চিহ্নিত করে শীর্ষ সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা প্রস্তত করবে। ইতিমধ্যে দুর্নীতি পর্যবেক্ষণ শাখা ২৫টি প্রাতিষ্ঠানিক টিম গঠন করেছে,যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান,বিভাগ ও সংস্থার সন্দেহভাজন অসাধু ব্যক্তিদের দুর্নীতি প্রমাণে তদন্ত করেছে। বর্তমানে ২৫টি বৃহত্ সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করার জন্য ২৫টি টিম কাজ করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন