
নিউজ ডেস্কঃ সাভারে সড়ক ও জনপথের জমিতে নির্মিত বাজার থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে ছাত্রলীগ ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ,ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনায় উলাইল ও কাতলাপুর মহল্লায় থমথমে অবস্থা বিরাজ করছে। ব্যবসায়ীসহ এলাকাবাসীর মনে এখনও আতঙ্ক কাটেনি। এদিকে চাঁদাবাজী ও হামলার ঘটনায় জড়িত থাকাসহ সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গতকাল সোমবার রাতে এক জরুরি সভায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিককে স্থায়ীভাবে বহিস্কার করেছে। একইসঙ্গে উপজেলা ছাত্রলীগের কমিটিকেও বিলুপ্ত করা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বলেন,এর আগে গত বছরের মার্চ মাসে সাভারে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই জিল্লুর রহমানকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ও আতিককে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছিলো।