
নিউজ ডেস্কঃ হংকং থেকে আগত যাত্রীর কাছ থেকে হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে প্রায় পৌনে ২ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার মধ্য রাতে আটক নুরুল আজাদের অন্তর্বাসের ভেতর থেকে ৬টি ও পায়ুপথ থেকে ৯টি সোনার বার জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা কাস্টমস হাউস সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। কাস্টমস হাউস জানায়,মধ্য রাতে শাহজালাল বিমানবন্দরে হংকং থেকে কেএ ১১০ বিমানে আগত যাত্রী নুরুল আজাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তর্বাসের ভেতর থেকে ৬টি সোনার বার বের করেন। পরবর্তীতে আর্চওয়ে স্ক্যানিংয়ে সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়,প্রচুর পানি ও খাবার খেতে দেওয়া হয়। পরে সেহরির সময় তিনি পায়ুপথ থেকে আরো ৯টি সোনার বার বের করেন। জব্দকৃত সোনার পরিমাণ প্রায় পৌনে ২ কেজি। যাত্রীকে আটক করা হয়েছে।